
মো:ইয়াছিন সরকার কুমিল্লা মুরাদনগর প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি এবং সাজা পরোয়ানাভুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার নবীপুর ও গুঞ্জর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মুরাদনগর থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নবীপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে মোহাম্মদ আলী এবং গুঞ্জর গ্রামের মৃত আব্দুল অদুদের ছেলে মো: রায়হান আহমেদ সবুজ। এর মধ্যে মোহাম্মদ আলীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা এবং সবুজের বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নবীপুর গ্রাম থেকে মোহাম্মদ আলী এবং গুঞ্জর গ্রাম থেকে মো. রায়হান আহমেদ সবুজকে গ্রেপ্তার করা হয়।মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে বুধবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




























