
মো: ইয়াসিন সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুরাদনগর সদরের কলেজ পাড়ার মৃত আঃ মালেকের ছেলে মোঃ জাকির হোসেন (৪৮) ও নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের আবুল হাসেমের ছেলে মোঃ জুয়েল (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই সুমন তালুকদার ও এএসআই কাজী সুলতান আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ পৈয়াপাথর গ্রাম থেকে এলাকাবাসীর সহায়তায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকির হোসেন ও মোঃ জুয়েলকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




























