
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ড্রেজার মেশিন অপসারণ এবং সংশ্লিষ্ট একজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।
পরিবেশ রক্ষার্থে এবং অবৈধ ড্রেজারের ব্যবহার বন্ধে বুধবার বিকালে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা ও দিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন।
অভিযান সূত্রে জানা যায়, বুধবার বিকালে বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা এবং দিঘীরপাড় হতে ৩ টি ড্রেজার এবং প্রায় ২ হাজার ৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়। পাশাপাশি অবৈধ ড্রেজিং এর অপরাধে একজনকে একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন। এসময় সার্বিক সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনী।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন।




























