
নাঙ্গলকোট পৌরসভার হরিপুর পশ্চিম দক্ষিণপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটার অভিযোগ উঠেছে।
১৯ জুন শুক্রবার সন্ধ্যায় সংগঠিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগের আলোকে জানা যায়, মাস্টার আবু বকরের পরিবার ও কামরুজ্জামান লিটনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার বিকেলে কাঁঠাল গাছ থেকে কাঁঠালপাড়া কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে কামরুজ্জামান,মনির,রাসেল,রাজন,রবিউল সহ ১০/১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে মাস্টার আবু বকরের পরিবারের উপর হামলা চালায়। এতে দেলোয়ার হোসেন (৫০), মাহাবুবুল হক (৬৫), ফয়জুন্নেছা (৪০), মামুনুর রশিদ (৩৫), জামসেদ (২৭) সহ বেশ কয়েকজন আহত হয়। ভুক্তভোগীরা দাবি করেন হামলার সময় মাস্টার আবু বকরের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আহতদের মধ্যে মামুন, মিলন, জামশেদ, সুফিয়া ও নাসরিন আক্তার সহ আরো কয়েকজনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও গুরুতর আহত দেলোয়ার হোসেন, মাহবুবুল হক, ফয়জুন্নেছা তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জানা যায়, উভয় পক্ষ নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।




























