
বিশেষ প্রতিনিধি, ফেনী: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে পুলিশ সুপার, ফেনীর প্রত্যক্ষ নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মডেল থানার পাঁচগাছিয়া বাজার রোডের গ্যাস কোম্পানি সংলগ্ন মাথানিয়া এলাকায় আইরিন ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি কামরুল ইসলাম (৩৯)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।





























