
চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার পহরচাঁদা ইউনিয়নের পশ্চিমপাড়ায় অনুমোদন ছাড়াই সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মিনহাজ, আবদু ছালাম, আবুবক্কর ও আবদুমালেক সদর নামে চার ব্যক্তি পৃথকভাবে বালুর ডিপু পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, এসব ডিপুর জন্য প্রতিদিন শত শত বালুবাহী গাড়ি চলাচল করছে। এতে স্থানীয় সরকারি সড়ক ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে রেলব্রিজের পাশবর্তী এলাকা থেকে বালু উত্তোলন করায় গুরুত্বপূর্ণ এই সরকারি স্থাপনা ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, রেলব্রিজের আশপাশ থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে মাটির ভিত্তি দুর্বল হয়ে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা বা সেতুর ক্ষতির আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। স্থানীয়দের আরও অভিযোগ, বালুর ডিপু পরিচালনাকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না। ফলে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বালু উত্তোলন চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সরকারি সড়ক ও রেলব্রিজের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিনহাজ, আবদু ছালাম, আবুবক্কর ও আবদুমালেকের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

























