
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে টহল পুলিশের গাড়ি থেকে মাত্র ৫০০ গজ দূরেই নাহিদুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষক এবং কাপড় ব্যবসায়ী আবু রায়হানকে মারধর করে প্রায় ৪৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার শেষরাতে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া রেলক্রসিং এলাকায় পুলিশ বক্সের অদূরে এ ঘটনা ঘটে। নাহিদুল ইসলাম আত্রাই উপজেলার মির্জাপুর ভবানীপুর কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক এবং আবু রায়হান রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকার বাসিন্দা।নাহিদুল ইসলাম জানান, তিনি এবং তাঁর এক সাবেক ছাত্র ব্যবসায়ী আবু রায়হান নওগাঁ থেকে মঙ্গলবার ভোর অনুমান সাড় ৪টা নাগাদ একটি অটোরিকশা ভাড়া নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। এ সময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া রেলক্রসিং এলাকায় পুলিশ বক্স থেকে মাত্র ৫০০ গজ দক্ষিণে পৌঁছালে ৬-৭ জন মুখোশধারী ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। এরপর হাসুয়া ও লোহার রড দিয়ে মারধর করে কাছে থাকা প্রায় ৪৩ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নেয়। পরে ছিনতাইকারীরা দাঁড়িয়ে থেকে তাঁদের আত্রাইয়ের দিকে যেতে বাধ্য করে।নাহিদুল ইসলাম আরও জানান, ছিনতাইকারীরা যখন তাঁদের মারধর করছিল, তখন পেছনে তাকিয়ে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছিলেন। পুলিশের ওই গাড়ি থেকে মাত্র ৫০০ গজ দূরেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু ভয়ে তাঁরা চিৎকার করতে পারেননি এবং পেছনে ফিরতেও দেওয়া হয়নি। মারধরের শিকার হয়ে তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান নাহিদুল ইসলাম।রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম বলেন, "এ ঘটনা আমার জানা নেই বা এখনো কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

























