
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর (৪১) পূর্ব দেলপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া তাঁর স্ত্রী ফারজানা আক্তার মুন্নির (৪৫) বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, দাম্পত্য কলহ ও পরকীয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সকালে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও দুই হাতের কবজিতে আঘাত করে হত্যা করা হয় বলে অভিযোগ।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে হেফাজতে নেয়। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত নারীর আগের সংসারে দুটি সন্তান রয়েছে। বর্তমান সংসারে তাঁদের দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




























