
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে তাঁর মরদেহ ল্যাপ-তোশকে মোড়িয়ে সড়কের পাশে ফেলে রাখা হয়। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি-সংলগ্ন সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মো. মোতালেব হোসেন (৬১) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাঁর স্বজনেরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন সড়কের পাশে ল্যাপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবারই তাঁকে হত্যা করা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ার আলামতও পাওয়া গেছে।
পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত চলছে। তবে হত্যার পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।




























