
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় এক শিক্ষকের বাড়িতে ভোররাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে শিক্ষকের বৃদ্ধ বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার। বুধবার ভোর চারটার দিকে দেলপাড়া ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি নয়, চুরির মতো ঘটনা বলে দাবি করেছে।
আহত আলী হোসেন (৬৫) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক আমির হোসেনের বাবা। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁর মাথায় প্রায় ২০টি সেলাই দিয়েছেন।
শিক্ষক আমির হোসেন বলেন, ভোর চারটার দিকে ৬ থেকে ৭ জন মুখোশধারী ডাকাত বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তাঁর বাবা আলী হোসেন তাঁদের পরিচয় জানতে চাইলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ দেয়। তিনি মেঝেতে লুটিয়ে পড়লে ডাকাতরা তাঁর মা ফরিদা বেগমের গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেয়। পরে আলমারি খুলে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।
আমির হোসেনের ভাষ্য, প্রায় ৪০ মিনিট ধরে ডাকাতরা বাড়ির ভেতরে অবস্থান করে। এ সময় আহত আলী হোসেনের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হলেও তাঁকে কোনো চিকিৎসা নিতে দেয়নি। ডাকাতরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও বলেন, ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা ছাড়া পরিবারের অন্য কেউ ছিলেন না। কী পরিমাণ টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে, তা হিসাব করে থানায় মামলা করা হবে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে মনে হয়নি। দুই থেকে তিনজন ব্যক্তি গেটের তালা ভেঙে ঘরে ঢুকেছিল এবং তেমন কিছু নিতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। আলী হোসেনের মাথায় কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























