
আব্দুল্লাহ্ আল মামুন, বোদা পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে অভিযোগ এবং পৃথক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা।এর আগে সোমবার (১৩ জুলাই) রাতে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।এজাহারে জানা যায়, ভুক্তভোগী দুই শিশু অভিযুক্ত ব্যক্তিকে দাদু বলে ডাকত। এই সুবাদে তারা মাঝেমধ্যে ওই যুবকের বাড়িতে খেলতে যেত। বাড়িতে পরিবারের সদস্যরা কেউ না থাকার সুযোগে অভিযুক্ত যুবক কৌশলে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুদের বিভিন্ন সময়ে নিজের বসতবাড়ির শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।ঘটনার পর শিশুদের প্রাণনাশের হুমকি দিয়ে কান্না না করতে এবং পরিবারের সদস্যদের না জানাতে বলা হয়।গত শুক্রবার (১০ জুলাই) ও শনিবার (১১ জুলাই) ৬ বছর বয়সী শিশুকে এবং রোববার (১২ জুলাই) একইভাবে ৫ বছর বয়সী অন্য এক শিশুকেও ধর্ষণ করেন অভিযুক্ত ওই ব্যক্তি।ভুক্তভোগী এক শিশুর আত্মীয় ঘটনার বর্ণনা দিয়ে জানান, শিশু দুটিকে অস্বাভাবিক কান্নাকাটি করতে দেখে তিনি জিজ্ঞাসা করেন। তখন ৬ বছর বয়সী শিশুটি ভয়ে কিছুই বলতে না পেরে শুধু কাঁদছিল। এরপর পাঁচ বছর বয়সী শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয় এবং পরে তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ হাসান বলেন, ‘শিশুদের শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একইসঙ্গে প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। শিশু দুটি বর্তমানে চিকিৎসাধীন আছে এবং শারীরিকভাবে সুস্থ।’এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে রাতেই স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলা হয়েছে। একইসঙ্গে থানা হেফাযতে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধের বিষয়টি স্বীকার করেছে। এখন তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।





























