
ইসমাইল হোসেন, পোরশা:
নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান গোরখাই দাখিল মাদ্রাসা পরিদর্শন করে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বুধবার (২ জুলাই) বাদ মাগরিব পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের গোরখাই দাখিল মাদ্রাসায় গিয়ে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ও অবকাঠামো ঘুরে দেখেন। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম তাঁর আমন্ত্রণে সংসদ সদস্যকে প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা পরিদর্শন করান।
পরিদর্শনকালে সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম জানান, মাদ্রাসাটির ১০ কক্ষবিশিষ্ট টিনশেড ও মাটির ভবনের মধ্যে কালবৈশাখী ঝড়ে পাঁচটি কক্ষের টিনের ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থসংকটের কারণে সেগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক সময় আমগাছের নিচে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হয়, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে।
তিনি আরও জানান, এমপি মহোদয়ের কাছে চারতলা একটি ভবন প্রার্থনা করেন। এবং আধুনিক শিক্ষা নিশ্চিত করতে একটি বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব স্থাপন জরুরি। এ ছাড়া মাদ্রাসাটিতে প্রায় ১৮টি গ্রামের সাড়ে ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দাখিল পরীক্ষায় উপজেলার অন্যান্য মাদ্রাসার তুলনায় এখান থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
সুপারিনটেনডেন্ট আরও বলেন, মাদ্রাসার দুই পাশের প্রায় দেড় কিলোমিটার করে সড়ক এখনও কাঁচা। বর্ষা মৌসুমে কাদার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। এসব সমস্যার সমাধান হলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও মান আরও উন্নত হবে।
এসব বিষয় শুনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, “মাদ্রাসাটির সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরী, আজহার আলী, আব্দুল জব্বার, রাকিবুল ইসলাম, মশিদপুর ইউনিয়নের সদস্য (মেম্বার) বুলবুল আহমেদ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




























