
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর প্রধান অনুষ্ঠান এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং স্থানীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরিবেশ সংরক্ষণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, গাইবান্ধার প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, উপপরিচালক (স্থানীয় সরকার) মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, এনডিসি সাব্বির আহমেদ, জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, পিটিআই গাইবান্ধার সুপারিন্টেন্ডেন্ট মোছা. সাদিয়া আফ্রিন বিজলী এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাশ। এ সময় সহকারী প্রোগ্রামার আব্দুল্লাহ আল এমরানসহ জেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল জেলা প্রশাসনের নেজারত শাখা। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা শুধু একটি জাতির ভিত্তিই নয়, বরং একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি। একই সঙ্গে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মকে প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধার পরিচিত সমাজসেবক ‘এক টাকার মাস্টার’, যার উপস্থিতি অংশগ্রহণকারীদের মধ্যে আলাদা আগ্রহের সৃষ্টি করে। প্রাণবন্ত আয়োজন, ব্যাপক অংশগ্রহণ এবং পরিবেশবান্ধব বার্তার মধ্য দিয়ে গাইবান্ধার এ অনুষ্ঠান প্রাথমিক শিক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার জাতীয় অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।





























