
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির শিয়ালা এলাকায় বনরক্ষীদের বিশেষ অভিযানে তিনটি নৌকা, ২৪ বোতল কীটনাশক, তিনটি টানা জাল এবং শুঁটকি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জেলেরা বনভূমির ভেতরে পালিয়ে যায়। বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নিয়মিত টহলের সময় শিয়ালা এলাকার সাইড খালে তিনটি মাছ ধরার নৌকা দেখতে পান বনরক্ষীরা। তাদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা অজ্ঞাতপরিচয় জেলেরা নৌকা ফেলে সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। পরে নৌকাগুলোতে তল্লাশি চালিয়ে ২৪ বোতল কীটনাশক, তিনটি টানা জাল, শুঁটকি তৈরির চাটাইসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বনরক্ষীদের এ অভিযানের মাধ্যমে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের একটি অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। তিনি বলেন, অজ্ঞাতপরিচয় জেলেরা খালে বিষ দিয়ে মাছ ধরে বনের ভেতরে শুঁটকি তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেছিল। এছাড়া বর্তমানে সুন্দরবনে মাছ আহরণে তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে বলেও তিনি জানান।




























