
এম.এস.আই সিয়াম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
গতকাল ঝালকাঠির রাজাপুর বাজার রোডের ইসলামীয়া ফার্মেসির গলিতে এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার দৃশ্য পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল যুবক ওই ব্যক্তির ওপর হামলা চালায়। পরে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পরপরই অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।
স্থানীয়দের দাবি, পুরো ঘটনার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে। ফুটেজে কয়েকজনকে ওই ব্যক্তির ওপর হামলা চালিয়ে তার কাছ থেকে নগদ টাকা নিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়। ফুটেজের ভিত্তিতে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাজাপুর শহরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিয়মিত পুলিশ টহল জোরদার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।





























