
মো. মুরাদ মৃধা রাণীনগর নওগাঁর আত্রাই উপজেলার ৬নং মনিয়ারি ইউনিয়নের মাড়িয়া গ্রাম (পূর্ব পাড়া) থেকে বড়পুকুরিয়া গ্রাম অভিমুখী গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। ইটের সোলিং উঠে জায়গায় জায়গায় ছোট-বড় খন্দক তৈরি হওয়া এবং বর্ষা বা বন্যার সময় পানিতে তলিয়ে যাওয়ার কারণে গ্রামবাসীদের মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।রাস্তার দুর্দশার কথা তুলে ধরে বড়পুকুরিয়া গ্রামের স্থানীয় যুবক রাব্বি-মীর বলেন, আমাদের গ্রামের মানুষেরা অসুস্থ হয়ে গেলে সহজে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এমনকি ধান বিক্রির সময় পার্শ্ববর্তী গ্রামে ধানের দাম বেশি থাকা সত্ত্বেও শুধুমাত্র যাতায়াত ব্যবস্থার বেহাল অবস্থার কারণে আমাদের গ্রামে তা কম দামে বিক্রি করতে হচ্ছে।একই এলাকার বাসিন্দা শ্রী গোউর ও নূরুল ইসলাম জানান, হিন্দু-মুসলিম সম্প্রীতির এই গ্রামে যাতায়াতের মূল রাস্তায় শুধু ইট বিছানো থাকলেও বছরের পর বছর সংস্কার না করায় বিভিন্ন স্থানে বড় বড় খন্দকের সৃষ্টি হয়েছে। বর্ষা ও বন্যার মৌসুমে পুরো পথটি পানিতে ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জনপ্রতিনিধিরা বহুবার আশ্বাস দিলেও আজ পর্যন্ত কেউ বাস্তবে সমাধান করেনি। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে রাস্তাটি সংস্করণ করে দিলে গ্রামবাসী স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ পাবে।এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান জানান, রাস্তাটির বেহাল দশার বিষয়ে আমি পূর্বে অবহিত ছিলাম না, আপনার মাধ্যমেই জানতে পারলাম। গ্রামবাসীর পক্ষ থেকে একটি লিখিত আবেদন জমা দেওয়া হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





























