
মো. একরামুল হক, স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক দুটি মামলায় মো. আলামিন (৪৫) ও বুলবুল আহমেদ খান (৪২) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রায়গঞ্জ উপজেলার আবুদিয়া গ্রামের মৃত চান্দুল্লাহ শেখের ছেলে মো. আলামিন (৪৫) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিন খানের ছেলে বুলবুল আহমেদ খান (৪২)। বুলবুল বর্তমানে রায়গঞ্জ উপজেলার গুনগাঁতী এলাকায় বসবাস করেন।পুলিশ সূত্রে জানা গেছে, মো. আলামিন একটি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি। অপরদিকে, বুলবুল আহমেদ খানের কাছ থেকে পাঁচটি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, পৃথক দুটি মামলায় এজাহারভুক্ত ও অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানসহ অপরাধ নিয়ন্ত্রণে রায়গঞ্জ থানা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।#




























