
গাজী হাবিব, সাতক্ষীরা: "গ্রাম গড়লে দেশ গড়বে"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় প্রথমবারের মতো নানা আয়োজনে পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সাতক্ষীরার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পল্লী উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী, কিশোরী সংঘের সদস্যদের মাঝে উৎসাহ অনুদানের চেক বিতরণ, ফলজ গাছের চারা এবং উদ্যোক্তা ঋণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআরডিবির উপ-পরিচালক আফরুজ্জামান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান শামসুজ্জামান, পল্লী উন্নয়নে সফল ব্যক্তিত্ব স্বপন কুমার শীলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুফলভোগী উদ্যোক্তা, কিশোরী সংঘের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে গ্রামীণ উন্নয়ন। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রম গ্রামের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।বক্তারা আরও বলেন, কিশোরীদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে কিশোরী সংঘের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে সহজ শর্তে ঋণ বিতরণের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।আলোচনা সভা শেষে আলীপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বল্লী মুজিবর রহমান বিদ্যালয়ের কিশোরী সংঘের সদস্যদের মাঝে উৎসাহ অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া সুফলভোগীদের মধ্যে প্রায় ২০০টি ফলজ গাছের চারা বিতরণ এবং নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে উদ্যোক্তা ঋণ প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার আহ্বান জানান।





























