
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে ‘কালার এন্ড কোঃ লিমিটেড’ কারখানায় দুই দিন ধরে হঠাৎ বিপুল সংখ্যক শ্রমিকের একযোগে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি খতিয়ে দেখতে গাজীপুরের সিভিল সার্জন কর্তৃক গঠিত ৬ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার (০৯ জুলাই) সরেজমিনে কারখানাটি পরিদর্শন করেছে।
স্থানীয় ও কারখানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০৭ জুলাই) এবং বুধবার (০৮ জুলাই) পরপর দুই দিন শ্রীপুরের টেপিরবাড়ী এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিটির বেশ কিছুসংখ্যক শ্রমিক কাজ করা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করেন। একযোগে এত শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার সুষ্ঠু কারণ উদঘাটন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে গঠিত তদন্ত কমিটি গতকাল কারখানার ভেতরের কর্মপরিবেশ, বায়ু ও পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সিভিল সার্জন বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দ্রুতই শ্রমিকদের এই গণ-অসুস্থতার মূল কারণ উন্মোচিত হবে এবং সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাজনিত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে কারখানার পরিস্থিতি প্রশাসনের নজরদারিতে রয়েছে।





























