
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে একটি বসতবাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ২ জুলাই ভোর রাতে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের চর-শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, ২ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে চর-শ্রীপুর গ্রামের শ্রীকান্ত মণ্ডলের বাড়িতে ৪ জনের একটি দস্যুদল হানা দেয়।
ভুক্তভোগীর ছেলে দীপক মন্ডল ও তার স্ত্রী সেতু মন্ডল ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হতেই অজ্ঞাতনামা ৪ জন দুর্বৃত্ত তাদের পিছন থেকে গলায় চাকু ধরে। পরে তাদের শয়নকক্ষে নিয়ে মুখ বেঁধে ফেলে দুর্বৃত্তরা।
অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা সবাই টি-শার্ট ও জিন্স প্যান্ট পরা ছিল এবং গামছা দিয়ে মুখ ঢাকা ছিল। তারা ঘুমন্ত শিশু কন্যা অনুশ্রী মন্ডলের এর গলায়ও চাকু ধরে চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেয়।
ভুক্তভোগীরা জানান, এ সময় দুর্বৃত্তরা ঘর থেকে ৮ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের ১টি স্বর্ণের হার, ২ আনা ওজনের ২টি আংটি, ২ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দুল এবং মানিব্যাগে থাকা নগদ ২-৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা বলে দাবি করেন তারা।
তারা আরো জানান, আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীদের ডাক চিৎকারে শ্রীকান্ত মণ্ডলের দুই ভাই সুমন মন্ডল ও নিশিকান্ত মন্ডল এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।
শ্রীপুর থানা পুলিশ জানায়, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী পরিবার হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় আতঙ্কের কারণে প্রথমে কাউকে জানায়নি বলে পুলিশকে জানিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া বলেন, "ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। অজ্ঞাত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এটি অবশ্যই নেক্কারজনক ঘটনা। আমরা জড়িতদের চিন্হিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।




























