
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামী রাব্বি মণ্ডল (৩৫) কে ধারালো দা দিয়ে গলায় কোপ দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী ফারজানা বেগমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শ্রীপুর থানাধীন আমতৈল এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর (মৃধাপাড়া) গ্রামে নিজ শয়নকক্ষে রাব্বি মণ্ডলের গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে রাব্বি মণ্ডল বাড়িতে এসে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। এ সময় তার স্ত্রী ফারজানা বেগম ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে ঘরে থাকা ধারালো দা দিয়ে গলায় কোপ দিয়ে তাকে হত্যা করেন।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা ঘটনাস্থল পরিদর্শন করে আসামিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওলি মিয়ারের নেতৃত্বে সিসিআইসি ও থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ঘাতককে শনাক্ত করে।
জিজ্ঞাসাবাদে ফারজানা জানান, ১০ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। স্বামী সঠিকভাবে স্ত্রী-সন্তানের দেখাশোনা করতেন না এবং সময়মতো বাসায় আসতেন না বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে প্রায়ই পারিবারিক অশান্তি হতো। এরই জেরে পূর্ব পরিকল্পিতভাবে ভোরে ঘুমন্ত অবস্থায় স্বামীকে হত্যা করেন তিনি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



























