
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ দায়িত্বভার গ্রহণ করেছেন। উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা শারমিন আরাকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যশোরে যোগদান করবেন। নবাগত ইউএনও বরণ ও বিদায়ী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার মতবিনিময় সভা আয়োজন করে উপজেলা প্রশাসন। দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি।
জেলা প্রশাসন সূত্র জানায়, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় মাঠ প্রশাসন শাখা গত ১৭ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন দেয়। আদেশ অনুযায়ী নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০ সেপ্টেম্বর যোগদান করেন এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। যোগদানপত্র গ্রহণ করেছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এরআগে, ১৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখা একটি প্রজ্ঞাপন জারি করে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরাকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে (যশোর) কর্মস্থলে যোগদানের জন্য ২৪ সেপ্টেম্বর তাকে বগুড়া থেকে অবমুক্ত করেন জেলা প্রশাসক। নবাগত ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করারও নির্দেশনা দেন।
উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় আবেগাপ্লুত পরিবেশে বিদায় নিয়েছেন শারমিন আরা। তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ছিলেন। উন্নয়ন কর্মকান্ড, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাল্য বিবাহ, মাদকের আগ্রাসন প্রতিরোধে জনসচেতনতা, সার ও বাজার ব্যবস্থাপনা এবং জনস্বার্থে তৎপর বলে উল্লেখ করেন বক্তারা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন সংসদ সদস্য মোশারফ হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌরসভার সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, থানার ওসি তারিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, জিয়াউর রহমান, আবুল কালাম আজাদ, যুবদল নেতা আরিফুল ইসলাম মজনু, গোলাম রব্বানী, মেহেদী হাসান শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নূরনবী প্রমুখ।


























