
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা না পেয়ে অবুঝ দুই সন্তানের সামনেই স্ত্রী নাসিমা আক্তারকে (২৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব জানায়, গত ১৩ জুলাই গভীর রাতে স্ত্রী নাসিমা আক্তার গার্মেন্টস থেকে বেতন পাওয়ার পর তার কাছে ৩ হাজার টাকা দাবি করেন মাদকাসক্ত ছায়েদুল। নাসিমা সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তীব্র পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছায়েদুল তার স্ত্রীর ওপর চড়াও হন এবং ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে দম্পতির ৮ বছর বয়সী মেয়ে এবং ৫ বছর বয়সী ছেলের চোখের সামনে। শিশুদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই নাসিমা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক স্বামী এলাকা ছেড়ে পালিয়ে যান।হত্যাকাণ্ডের পর ছায়েদুলকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে র্যাব-১। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আত্মগোপনে থাকা ছায়েদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে একটি নিয়মিত হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহত নাসিমার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চোখের সামনে মাকে হারানো এবং বাবা গ্রেপ্তার হওয়ায় অবুঝ শিশু দুটি এখন চরম মানসিক টেনশনের মধ্যে রয়েছে।





























