
মোতালেব হোসেন(কুমিল্লা)।।
পরিচ্ছন্ন নগর গঠন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (JICA) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন আরবান ডেভেলপমেন্ট সিটি গভর্ন্যান্স প্রজেক্ট (UDCGP)-এর পারফরম্যান্স বেইজড অ্যাসেসমেন্ট (PBA)-এ ‘গভর্নেন্স’ অংশের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট খাতে দেশের অংশগ্রহণকারী চারটি আরবান লোকাল বডির মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান লাভ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
সোমবার (৩ আগস্ট) কক্সবাজারের স্রিগাল হোটেলস লিমিটেডের ‘পারাবার বলরুমে’ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে এ সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এই অর্জনের মাধ্যমে দেশের নগর বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, সুশাসন, পরিকল্পিত সেবা প্রদান এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগ জাতীয় পর্যায়ে নতুন করে স্বীকৃতি পেল।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক বর্জ্য সংগ্রহ, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, সেবার মানোন্নয়ন এবং নাগরিকবান্ধব ব্যবস্থাপনার ধারাবাহিক প্রয়াসের ফলেই এই কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে। তারা মনে করছেন, এ স্বীকৃতি ভবিষ্যতে নগর উন্নয়ন ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় কুমিল্লা সিটি কর্পোরেশনকে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
এই অর্জনে কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টারও প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন।



























