
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী সরারচর সৌদামিনী সুরবালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরীন।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার পর তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দীন।পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশ, অবকাঠামো এবং সার্বিক শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়ন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, নিয়মিত পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসককে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী উপহার দেন এবং তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাবিবুল্লাহ, শিক্ষক-শিক্ষিকা, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।





























