
শফিকুল স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রচারণা এবং একটি আলোকিত ও আধুনিক গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও গড়ার লক্ষ্যে এক জনসম্পৃক্ততামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ১৫৫, ময়মনসিংহ-১০ আসনের নবগঠিত দক্ষিণ গফরগাঁওয়ের টাঙ্গাব ইউনিয়ন পরিষদ মাঠ সংলগ্ন বটতলায় এই সভার আয়োজন করা হয়।আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৫, ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি পদপ্রার্থী ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক গফরগাঁও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসাহাক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হৃদয়, স্বেচ্ছাসেবক দলের কবির হোসাইন, যুবদলের চেয়ারম্যান পদপ্রার্থী রমজান মিয়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের হারুন মিয়া এবং টাঙ্গাব ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জামান। সভাটি সমন্বয় করেন রশিদ মাওলানা। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ গফরগাঁও বিএনপির সাবেক সভাপতি এ কে এম আনসার উদ্দিন আনসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় বক্তারা বলেন, জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে এলাকার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনাগুলোকে চিহ্নিত করতে হবে। সেই সাথে সরকারের নানামুখী জনকল্যাণমূলক কাজ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার প্রসার, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের শেষভাগে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা গুরুত্ব সহকারে শোনেন অতিথিরা। এলাকার টেকসই উন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

























