
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক চরম ভোগান্তির নাম। দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার না হওয়ায় পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি এখন সাধারণ মানুষ ও যানচলাচলের জন্য একপ্রকার 'মরণফাঁদে' পরিণত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। সালনা থেকে দেশীপাড়া হয়ে জয়দেবপুর যাওয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং শিল্প-কারখানার শ্রমিকরা যাতায়াত করেন। কিন্তু রাস্তার এই বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রোগী, গর্ভবতী নারী ও বৃদ্ধদের নিয়ে চলাচলের ক্ষেত্রে রিকশা বা ইজিবাইক চালকরা এই সড়কে উঠতে চান না। আর উঠলেও গুণতে হয় দ্বিগুণ ভাড়া।স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "বহু বছর ধরে এই রাস্তার কোনো বড় সংস্কার হয়নি। আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু নাগরিক সুবিধা পাচ্ছি না। একটু বৃষ্টি হলেই রাস্তা আর খালের মধ্যে কোনো তফাত থাকে না। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।"যানবাহন চালকদের দাবি, এই সড়কে গাড়ি চালাতে গিয়ে প্রতিনিয়ত গাড়ির যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে এবং আয়ের বড় অংশই চলে যাচ্ছে গাড়ি মেরামতের পেছনে।এলাকাবাসীর জোর দাবি, জনসাধারণের এই চরম ভোগান্তি ও জানমালের ক্ষতি এড়াতে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেন অনতিবিলম্বে সড়কটি পরিদর্শন করে টেকসই সংস্কারের জরুরি উদ্যোগ গ্রহণ করে।




























