
স্টাফ রিপোর্টার দেশের দ্বিতীয় রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের চলমান অভিযানে আবারও বড় ধরনের সাফল্য এসেছে।অবৈধভাবে মৎস্য আহরণের জন্য ব্যবহারকৃত বিপুল পরিমাণ নিষিদ্ধ ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় পরিচালিত পৃথক অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টাঙ্গুয়ার হাওর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা একেএম মাহফুজুর রহমান। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় অভিযান চালিয়ে প্রায় আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের এক হাজার কিরণবালা ফাঁদ এবং প্রায় ২০ হাজার টাকা মূল্যের পাঁচটি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে এসব অবৈধ ফাঁদ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযান চলাকালে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় দায়িত্ব পালনরত গোলাবাড়ি ক্যাম্প-এর আনসার সদস্যদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলার অভিযোগ ওঠে। এ ঘটনার পরপরই সুনামগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান-এর উপস্থিতিতে মন্দিয়াতা গ্রামে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।অভিযানে স্থানীয়দের উপস্থিতিতে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়। তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।অভিযান সংশ্লিষ্টরা জানান,হাওরের প্রাকৃতিক সম্পদ ও দেশীয় মাছ রক্ষায় অবৈধ মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।অভিযানে সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যবৃন্দ এবং আনসার সদস্যরা।





























