
মোহাইমিনুল ইসলাম উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে যুবসমাজকে খেলাধুলা মুখী করা এবং পুলিশ-জনতা সম্পর্ক জোরদার করার লক্ষ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।
টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে দুর্গাপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে উলিপুর পৌরসভা দল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় উলিপুর মিনি স্টেডিয়াম মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উলিপুর থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৭টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় পয়েন্টের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩১ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয় উলিপুর পৌরসভা। অন্যদিকে ২৪ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় দুর্গাপুর ইউনিয়ন। খেলা পরিচালনা করেন জাতীয় কাবাডি দলের সহ-অধিনায়ক জিয়াউর রহমান জিয়া।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ী-রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবাইদুর রহমান বুলবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলা আমির কামাল কবির লিটন এবং বজরা এল কে আমিন ডিগ্রি কলেজের অধ্যাপক মশিউর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ইউএনও এটিএম আরিফ বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস এবং নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশ সাধনে নিয়মিত এ ধরণের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সমাপনী বক্তব্যে সভাপতি ও উলিপুর থানার ওসি শওকত আলী সরকার জানান, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্যই হলো পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানো। এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় যুবসমাজকে সুপথে রাখার পাশাপাশি পুলিশ ও জনগণের পারস্পরিক মেলবন্ধন ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।




























