
আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের বৈদ্যবাড়ী এলাকায় স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক নাটিকা ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প খরচে ও দ্রুত নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। নারী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ কীভাবে এ সেবা নিতে পারেন, তাও জানানো হয়।স্থানীয় হাটে আসা ব্যবসায়ী, ক্রেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিডিও প্রদর্শনী দেখেন। পরে গ্রাম আদালতের নিয়ম ও সেবা বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৈদ্যবাড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন, মহিলা ইউপি সদস্য রেহেনা আক্তার লাইজু, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কৃষ্ণ চন্দ্র রায়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী মোছা. মুনজুয়রা খাতুন। সভাপতিত্ব করেন ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম।




























