
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেছেন গাজীপুর-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি। পরিদর্শনকালে কেন্দ্রের মূল গেটে তালাবদ্ধ থাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে চরম অবহেলার প্রমাণ পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই চিকিৎসা কেন্দ্রটিতে পরিদর্শনে যান সংসদ সদস্য। সেখানে গিয়ে তিনি দেখতে পান, কেন্দ্রের প্রধান গেটে বড় একটি তালা ঝুলছে। অথচ ভেতরে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। সংসদ সদস্যের সাথে থাকা ব্যক্তিরা ভেতর থেকে গেট খোলার অনুরোধ জানালে, ভেতর থেকে দায়িত্বপ্রাপ্তরা জানান, "গেটের চাবি হারিয়ে গেছে, চাবি নেই।"প্রধান ফটক খুলতে না পেরে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিকল্প হিসেবে কেন্দ্রের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকে তিনি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতার এক চরম চিত্র দেখতে পান। বাইরে যখন সাধারণ রোগীরা চিকিৎসার জন্য অপেক্ষা করছেন, তখন ভেতরে কর্মকর্তা ও কর্মচারীরা মূল ফটক বন্ধ করে অলস সময় পার করছিলেন। এছাড়া কেন্দ্রের ভেতরে চিকিৎসা পরিবেশ ও স্যানিটেশনের নাজুক অবস্থাও তাঁর নজরে আসে।এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, "সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে। অথচ চিকিৎসকদের এমন অবহেলা ও সাধারণ মানুষকে সেবা থেকে বঞ্চিত করার ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রধান গেটে তালা মেরে চাবি নেই বলে অজুহাত দেওয়া দায়িত্বহীনতার চরম বহিঃপ্রকাশ।"তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের এই অনিয়মের ব্যাপারে কড়া জবাবদিহিতার আওতায় আনেন। একই সাথে কেন্দ্রের দায়িত্বে অবহেলাকারী মূল কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তাঁর এমন ঝটিকা পরিদর্শন ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




























