
নারায়ণগঞ্জ নগরের আমলাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পেছন থেকে লিটন (৪০) নামে এক নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ স্পেশালাইজড হসপিটালের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে হাসপাতালের পেছনে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। একপর্যায়ে লিটনের পরিচয় শনাক্ত করা হয়।
লিটন নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ পাক্কা রোড এলাকার আলম সাহেবের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি চাঁদপুর সদর থানার মৃত ইউনুস মিয়ার ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা, হাসপাতালের পেছনে আব্রাহাম ডেভেলপার কোম্পানির একটি নির্মাণাধীন ভবনে লিটন নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। তবে কীভাবে তিনি ভবন থেকে নিচে পড়ে গেলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, সকালে হাসপাতালের পেছনে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশটির পরিচয় শনাক্ত করা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লিটনের ভাগিনা আলমগীর হোসেন বলেন, লিটন আগে একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করতেন। প্রায় ছয় মাস আগে তিনি নির্মাণশ্রমিকের কাজ শুরু করেন। সকালে তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁরা হাসপাতালে ছুটে আসেন।


























