
। মোতালেব হোসেন(কুমিল্লা)।। কুমিল্লার মানুষের অন্যতম ভোগান্তির নাম যানজট। এই যানজটের অন্যতম প্রধান কারণ হচ্ছে অটোরিক্সা। কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। বর্তমানে প্রায় ৪৮ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করলেও নিবন্ধনের মাধ্যমে সর্বোচ্চ ৮-১০ হাজার অটোরিকশাকে অনুমোদন দেওয়া হবে। পরবর্তীতে যাত্রী চাহিদা অনুযায়ী রেজিস্ট্রেশনকৃত অটো রিক্সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প-সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।ইউসুফ মোল্লা টিপু বলেন, আগামী সপ্তাহ থেকেই অটোরিকশা নিবন্ধনের কার্যক্রম শুরু হবে। নিবন্ধিত প্রতিটি অটোরিকশায় চীন থেকে আমদানি করা বিশেষ লাইসেন্স প্লেট সংযুক্ত করা হবে। এসব প্লেটে অন্তত আটটি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য (সিকিউরিটি ফিচার) থাকবে। এর ফলে জালিয়াতি বা নকল প্লেট ব্যবহারের সুযোগ থাকবে না বলেও জানান তিনি।প্রশাসক জানান, কেউ প্রতারণার আশ্রয় নিয়ে ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীতে অতিরিক্ত সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশার কারণে যানজট দিন দিন তীব্র হচ্ছে। একই সঙ্গে বেপরোয়া গতিতে চলাচলের ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এতে বহু মানুষ আহত হচ্ছেন, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। জনভোগান্তি কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ইউসুফ মোল্লা টিপু বলেন, `অটোরিকশা নিয়ন্ত্রণের এই উদ্যোগে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব নেই। এটি সম্পূর্ণভাবে নগরবাসীর স্বার্থ ও জনকল্যাণ বিবেচনায় নেওয়া হয়েছে।'মতবিনিময় সভায় কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।





























