
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের দীর্ঘদিনের বেহাল একটি সড়ক নিজ অর্থায়নে সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছেন বিএনপি নেতা মামুন শরীফ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর খেয়াঘাট থেকে রায়েন্দা বাজার ও উপজেলা সদরে যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যেত এবং ইটের সড়ক কাদায় পরিণত হওয়ায় হাজার হাজার মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয়দের এ দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ০২ ই আগস্ট রবিবার বেলা ১২ টায়, বিএনপি নেতা মামুন শরীফ নিজ অর্থায়নে সড়কটির সংস্কার কাজের উদ্যোগ নেন। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে।
এলাকাবাসী জানান, সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজস্ব অর্থায়নে গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করায় তারা মামুন শরীফের প্রতি কৃতজ্ঞ। তারা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।
এ বিষয়ে বিএনপি নেতা মামুন শরীফ বলেন, "জনগণের দুর্ভোগ কমানোই আমার লক্ষ্য। মানুষের প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী সব সময় পাশে থাকার চেষ্টা করি।"
সংস্কারকাজ শেষ হওয়ায় বর্তমানে সড়কটি দিয়ে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহনের চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে।



























