
বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ সালাহ উদ্দিন মোল্লার বিশাল প্রচার-প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
১২ আগস্ট বিকেলে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লস্করদী বাজারে এই জাঁকজমকপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আয়োজনে স্থানীয় সাধারণ জনগণ ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে মোঃ ওয়ালীউল্লাহ মনির সভাপতিত্বে, আব্দুল হালিম কাজী
সিনিয়র যুগ্ম আহবায়ক ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক আব্দুল হালিম কাজী সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সালাহ উদ্দিন মোল্লা। মোঃ সালাহ উদ্দিন মোল্লা দীর্ঘ দিন ধরে এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি বর্তমানে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন মোল্লা তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, “আমি ব্রাহ্মন্দী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজহীন নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। বিশেষ করে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। জনগণের আস্থা অর্জনে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, “ফাঁকা বুলি বা কথায় নয়, কাজেই হবে আমার আসল পরিচয়। আমি ইউনিয়নবাসীর অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন কায়েমে কাজ করতে চাই। জনসেবার এই মহান ব্রত পালনে আপনারা আমাকে একটিবার সুযোগ দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। উক্ত মতবিনিময় সভায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী-পেশার বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে সালাহ উদ্দিন মোল্লার বিগত দিনের রাজনৈতিক ত্যাগ ও সামাজিক কাজের প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন। সর্বস্তরের মানুষের এই ব্যাপক উপস্থিতিতে লস্করদী এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।





























