
রেজাউল আজিম,বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রসমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।সমাবেশটি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আহমদ ছাগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন সংগঠনের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে দলীয় সংগীত পরিবেশন করেন সদস্য মুরশেদ বিন সিরাজ।সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক হাফেজ বোরহান উদ্দিন, সাবেক সভাপতি এম. আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ফয়জুল্লাহ বক্তব্য রাখেন।বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা গিয়াস উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য নেজাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে হাতপাখা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার।বক্তারা বলেন, ছাত্রসমাজ একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অন্যায়, অবিচার ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তারা।সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফ উল্লাহ। এতে ওলামায়ে কেরাম, ছাত্রনেতৃবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ছাত্র-জনতা অংশ নেন।সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দেশ, জাতি, ইসলাম ও মানবতার কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।





























