
স্টাফ রিপোর্টার :নতুন নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) তাহিরপুর উপজেলা শাখায় শুরু হলো নতুন কর্মযাত্রা।চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ কে এম নাসের উজ্জ্বল দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রথম কর্মদিবসে কার্যালয়ে যোগ দেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ সংগঠনের সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা।শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন,বিআরডিবির চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন,এ কে এম নাসের উজ্জ্বল সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সংগঠনের সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।তিনি আরও বলেন, এলাকার মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে নাসের উজ্জ্বলকে কাজ করতে হবে। তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে বিআরডিবির কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ কে এম নাসের উজ্জ্বল বলেন,তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে চান তিনি। সদস্যদের কল্যাণ ও এলাকার মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন নতুন চেয়ারম্যান।প্রথম কর্মদিবস উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে আসা নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করেন।উল্লেখ্য,এ কে এম নাসের উজ্জ্বল তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন,ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।



























