
মো. মুরাদ মৃধা রাণীনগর দক্ষ জনশক্তি তৈরির সরকারি প্রতিষ্ঠান হলেও দীর্ঘ ১০ মাস ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি নওগাঁর রাণীনগর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। এতে বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭ লাখ ৬৬ হাজার টাকা। বকেয়া পরিশোধ না করায় গত রোববার সকালে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি। তবে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে সাময়িকভাবে সংযোগটি পুনরায় সচল করা হয়েছে।বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর প্রতিষ্ঠানটির কম্পিউটার ও ইলেকট্রিক বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবহারিক ক্লাস। বেশ কয়েকটি বিভাগে শিক্ষকদের উপস্থিতিও চোখে পড়েনি। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সর্বশেষ ২০২৫ সালের আগস্ট মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছিল। এরপর টানা ১০ মাস কোনো বিল পরিশোধ না করায় বকেয়ার পরিমাণ দাঁড়ায় ৭ লাখ ৬৬ হাজার টাকায়। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রশিক্ষণার্থীরা। তবে এ বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে অধিকাংশ শিক্ষার্থীই অনিচ্ছা প্রকাশ করেন। এ বিষয়ে জানতে চাইলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্যামেরার সামনে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে অনানুষ্ঠানিকভাবে তিনি বাজেট সংকটের কথা স্বীকার করে বলেন, বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক জটিলতার কারণে সময়মতো বিল পরিশোধ করা সম্ভব হয়নি।রাণীনগর জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জানান, "আমাদের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। টিটিসি কর্তৃপক্ষকে বারবার তাগাদা ও নোটিশ দেওয়ার পরও তারা বিল পরিশোধ করেনি। নিয়ম লঙ্ঘনের কারণেই রোববার সকালে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।তিনি আরও জানান, সংযোগ বিচ্ছিন্নের পর সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে এবং শিক্ষার্থীদের ক্লাসের বিষয়টি বিবেচনা করে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধের জন্য টিটিসি কর্তৃপক্ষকে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। একটি দায়িত্বশীল সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে দীর্ঘ ১০ মাস ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকা এবং সংযোগ বিচ্ছিন্নের মতো ঘটনা ঘটায় স্থানীয় সচেতন মহলে নানামুখী প্রশ্নের সৃষ্টি হয়েছে।




























