
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির জোয়ার দেখে চন্দনাইশে বিভিন্ন রাজনৈতিক দল থেকে হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী যোগ দিচ্ছেন।
তাদের এই আগমনকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, মানবিক প্রধানমন্ত্রী, তারুন্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে আপনারা যারা দলে যোগদান করছেন, আগামী দিনে চন্দনাইশে ধানের শীষের জোয়ার কেউ ঠেকাতে পারবে না। তবে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক হিসেবে কর্নেল অলির দল প্রত্যাখান করে ঘরে ফিরে এসেছেন এবং আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ কর্নেল অলির রাজনীতি এখন আর এদেশে চলবে না। তাকে দিয়ে এলাকার বা দেশের কোনো কাজ হবে না।
৯ সেপ্টেম্বর রাতে দোহাজারীর প্রভাবশালী এলডিপি নেতা জামাল উদ্দিনের নেতৃত্বে শতাধিক যানবাহন নিয়ে দোহাজারী থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে এমপি জসিম উদ্দিন আহমদের বাড়িতে তার হাতে ধানের শীষ তুলে দিয়ে যোগদান করেন সহস্রাধিক নেতাকর্মী।
জানা যায়, এই সকল নেতাকর্মীরা বিএনপিতে যোগদানের জন্য সন্ধ্যা থেকে দোহাজারীতে অবস্থান করছিলেন। অথচ বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল সহকারে এমপি জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে রাত ১টা পর্যন্ত অপেক্ষা করতে দেখা যায়। অবশেষে গভীর রাতে জসিম উদ্দিন আহমেদ এমপি তাদেরকে বরণ করে নিয়ে মিষ্টি বিতরণ ও রাতের খাবারের ব্যবস্থা করেন।

























