
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ ২০২৫ সালের শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বালারছিরা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টায় সচেতন শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৃত তথ্য প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধন থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। সঠিক ও যাচাইকৃত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। বিভ্রান্তিকর তথ্য প্রচারে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সময় অংশগ্রহণকারীরা "শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ষড়যন্ত্র নয়, সঠিক তথ্য প্রকাশ চাই" এবং "সত্য প্রকাশ হোক, ন্যায়বিচার হোক"—এমন বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনের আয়োজকদের দাবি, তাদের এ কর্মসূচির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, সঠিক তথ্য প্রকাশ নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থার প্রতি জনআস্থা অটুট রাখা।




























