
নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলায় মো. সাকিব সরকার দিমুন ওরফে ধিমন (২৩) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, শুভ হত্যা মামলার তদন্তে আসামিদের জবানবন্দি ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ধিমনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালায় ডিবির একটি দল।
গ্রেপ্তার ধিমন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নাদির সরকার।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে একটার দিকে নারায়ণগঞ্জ নগরের হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়কে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে জখম মরদেহ পাওয়া যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় শুভর বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটি তদন্তে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে আটক করে। তাঁদের মধ্যে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর আসামি সুমনকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম পিপিএমের নেতৃত্বে বুধবার দুপুরে নরসিংদীর শিলমান্দী এলাকায় অভিযান চালিয়ে ধিমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে মামলাটির তদন্ত চলছে। জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে চাঞ্চল্যকর এ মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।




























