
শফিকুল স্টাফ রিপোর্টারঃ উৎসবমুখর পরিবেশে গাজীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু ভোট গ্রহণ শুরু হওয়ার মাত্র ৩০ মিনিট আগে, গত মধ্যরাতে আসা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আকস্মিকভাবে এই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় সাধারণ সাংবাদিক ও প্রার্থীদের মাঝে তীব্র ক্ষোভ, হতাশা ও নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ২৯ অক্টোবর সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল ২৮ অক্টোবর রাত ১২টার দিকে ক্লাবের ৫ সদস্যের তত্ত্বাবধায়ক মণ্ডলীর মধ্য থেকে মাত্র ২ জনের (আহ্বায়ক মো. এমরান খান ও সদস্য দেলোয়ার হোসেন) স্বাক্ষর করা একটি চিঠি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়।
চিঠিতে নির্বাচন স্থগিতের অনুরোধ জানানো হলে, প্রধান নির্বাচন কমিশনার মাসুদ রানা গভীর রাতে "অনিবার্য কারণবশত" ভোট গ্রহণ স্থগিতের বিজ্ঞপ্তি জারি করেন।




























