
শফিকুলস্টাফ রিপোর্টারঃ ডেঙ্গু রোগীদের চিকিৎসাস্থল গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ছাদেই মিলেছে এডিস মশার বিপজ্জনক প্রজননকেন্দ্র। হাসপাতালের একাধিক ভবনের ছাদ, পরিত্যক্ত পানির পাত্র এবং এয়ার কন্ডিশনার (এসি) থেকে নির্গত জমে থাকা পানিতে এডিস মশার শত শত লার্ভা ভাসতে দেখা গেছে। চিকিৎসালয়ের ভেতরেই মশার এমন বংশবৃদ্ধি সাধারণ রোগী, নবজাতক এবং চিকিৎসক-কর্মচারীদের চরম স্বাস্থ্যঝুঁকির মুখে ফেলেছে।সরেজমিনে দেখা যায়, হাসপাতালের কয়েকটি ভবনের ছাদে বৃষ্টির পানি জমে আছে। কোথাও কোথাও ফুলের টব, প্লাস্টিকের ড্রাম ও ভাঙা আসবাবপত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে লার্ভা কিলবিল করছে। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা এখানে এসেছি সুস্থ হতে। কিন্তু হাসপাতালের ছাদেই যদি মশার কারখানা থাকে, তবে ভালো মানুষও এখানে এসে ডেঙ্গু আক্রান্ত হবে। কর্তৃপক্ষের এই বিষয়ে কঠোর হওয়া উচিত ছিল।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন মশার লার্ভা পাওয়া দায়িত্বহীনতার শামিল। অবিলম্বে গাজীপুর সিটি কর্পোরেশন এবং হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ছাদ পরিষ্কার, লার্ভিসাইড স্প্রে এবং নিয়মিত ফগিং কার্যক্রম জোরদার করা প্রয়োজন। অন্যথায় এই হাসপাতালটিই ডেঙ্গু ছড়ানোর মূল কেন্দ্রে পরিণত হতে পারে।





























