
শফিকুল স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের মুখে ঢাকা অভিমুখী 'জামালপুর কমিউটার' ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকাল ৯টার দিকে গফরগাঁও আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্টেশনে আটকে থাকা হাজারো যাত্রী।রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে বিকট শব্দে ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পরপরই যাত্রীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে যান। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, বগি হেলে পড়লেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।দুর্ঘটনার পর পরই ময়মনসিংহ-ঢাকা রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে ময়মনসিংহ, ধলা, নান্দাইল রোডসহ বিভিন্ন স্টেশনে ঢাকাগামী এবং ঢাকামুখী বেশ কয়েকটি আন্তঃনগর ও মেইল ট্রেন আটকা পড়েছে।গফরগাঁও স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। ময়মনসিংহ (কেওয়াটখালী) লোকোশেড অথবা ঢাকা থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হবে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেললাইন মেরামত করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। লাইন সম্পূর্ণ সচল হওয়ার পর এই রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।





























