
সাআদ মাহমুদ, হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক শিশুর গলার স্বর্ণের চেইন চুরির ঘটনায় সালমা আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সালমা আক্তার উপজেলার ৪নং সদর ইউনিয়নের মোজাখালী গ্রামের ছাবেদ আলীর মেয়ে বলে পুলিশ সূত্রে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক শিশুর গলা থেকে কৌশলে একটি স্বর্ণের চেইন চুরি করে পালিয়ে যান অভিযুক্ত নারী। ঘটনার পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয়। বিষয়টি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানানো হলে অভিযুক্তকে আটকের লক্ষ্যে নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে টহলরত আনসার প্লাটুন কমান্ডার সালমা আক্তারকে পুনরায় হাসপাতালে প্রবেশ করতে দেখে সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাকে আটক করেন। পরে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিতের কাছে তিনি চুরির ঘটনা স্বীকার করেন। এ সময় তিনি জানান, চুরি করা স্বর্ণের চেইনটি ইতোমধ্যে বাজারে বিক্রি করে দিয়েছেন। পরে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও স্বজনদের মূল্যবান সামগ্রী সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।




























