
সাআদ মাহমুদ। হালুয়াঘাট প্রতিনিধি:ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর নতুন শাখা স্থাপনের সম্ভাবনা যাচাই করতে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী এ পরিদর্শনে সচিবের সঙ্গে ছিলেন বিকেএসপির পরিচালক (সাধারণ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, পিএসসি, এবং ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল।পরিদর্শনকালে প্রতিনিধি দল হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন সম্ভাব্য স্থান ঘুরে দেখেন। বিকেএসপির নতুন শাখা স্থাপনের জন্য স্থানগুলোর পরিবেশ, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ক্রীড়া প্রশিক্ষণের উপযোগিতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা হয়।এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিকেএসপির কর্মকর্তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। একটি আধুনিক ও পূর্ণাঙ্গ ক্রীড়া প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।পরে প্রতিনিধি দল ধোবাউড়ার ঐতিহ্যবাহী কলসিন্দুর সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন। সেখানে তাঁরা নারী ফুটবলারসহ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত শোনেন।পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ময়মনসিংহ বিভাগে বিকেএসপির কার্যক্রম চালু করা সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে আধুনিক প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে, যা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও জানান, সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত স্থান নির্বাচন করা হবে। এরপর প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।এদিকে, হালুয়াঘাট ও ধোবাউড়ায় বিকেএসপির সম্ভাব্য শাখা স্থাপনের খবর স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক আশাবাদ সৃষ্টি করেছে। তাঁদের বিশ্বাস, এই অঞ্চলে বিকেএসপি প্রতিষ্ঠিত হলে ময়মনসিংহ বিভাগের প্রতিভাবান তরুণ-তরুণীরা নিজ এলাকায় থেকেই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ পাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ ক্রীড়াবিদ গড়ে উঠবে।





























