
সাআদ মাহমুদ। হালুয়াঘাট প্রতিনিধি ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থী ও পরিবারের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন ও ঘরসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত জনাব বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ। অনুষ্ঠানে ২৭০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি এবং শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ৪১টি বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরির লক্ষ্যে নারীদের মাঝে ২১টি সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া অসহায় ও দরিদ্র পরিবারের জন্য কয়েকটি ঘর প্রদান করা হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেল বলেন, হালুয়াঘাট-ধোবাউড়া নিয়ে গঠিত তাঁর নির্বাচনী আসনে উন্নয়ন ও সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না। ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি এ মহৎ উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এমন মহৎ উদ্যোগ আমাদের প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব।” প্রধান অতিথির বক্তব্যে বিজন কান্তি সরকার বলেন, প্রধানমন্ত্রী তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তিনি তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। হালুয়াঘাট তাঁর মাতৃভূমি হওয়ায় এ উপজেলার মানুষের প্রতি তাঁর বিশেষ দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনি হালুয়াঘাটের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিশেষ নজর দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




























