
ইব্রাহিম সুজন, স্টাফ রিপোর্ট
জ্ঞানচর্চা, গবেষণা, প্রকাশনা ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে দেশে ইউনানী চিকিৎসা ব্যবস্থার টেকসই উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বখশী বাজারস্থ হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইউনানী চিকিৎসক, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভার প্রতিপাদ্য ছিল “জ্ঞানচর্চা, প্রকাশনা ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে ইউনানী চিকিৎসার টেকসই উন্নয়ন”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. ইসরাফিল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিনের সম্মানিত পরীক্ষক ডাঃ সরদার মো. রুহুল আমিন।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক হাকিম আ. খ. মাহবুবুর রহমান সাকী। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সংগঠনের নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল হাকিম ডা. মো. রফিকুল আমিন স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ২০২৬–২০২৯ মেয়াদের ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইউনানী চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গবেষণা, মানসম্মত প্রকাশনা, দক্ষ জনবল তৈরি এবং বৈশ্বিক সহযোগিতা জোরদার করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই চিকিৎসা ব্যবস্থার গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংগঠনের সহ-সভাপতি হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী, হাকীম মো. কামরুল ইসলাম নাবাবতী, হাকীম ডাঃ আব্দুল গনি ও হাকীম মুস্তাফিজুর রহমান সবুজ।
এছাড়াও বক্তব্য দেন হাকীম শাহ আলম ভূঁইয়া, ডাঃ জাহিদুর রহমান, ডাঃ গোলাম আজম খান, হাকীম ইয়াহিয়া মুন্না, হাকীম নুরুজামান, হাকীম নাসির উদ্দিন কবির, হাকীম বাকাওয়ালী মোল্লা, হাকীম ইলিয়াস প্রমুখসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের গবেষণা ও প্রকাশনাবিষয়ক ম্যাগাজিন ‘আল-হিজমা’-এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন। বক্তারা আশা প্রকাশ করেন, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা, বাংলা ভাষায় মানসম্মত ইউনানী প্রকাশনা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ম্যাগাজিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যরা ইউনানী চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




























