
সাইদুল ইসলাম, কসবা উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক, কসবা শাখার উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মো. মহসিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. ইউসুফ খান সোহেল। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, অগ্রণী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক নুরুল আমিন, জনতা ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান এবং প্রবাসী কল্যাণ ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক নারায়ণ বণিক।
এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংক কসবা শাখার সেকেন্ড অফিসার সাখাওয়াত হোসেন ইমন, ঊর্ধ্বতন কর্মকর্তা মো. রুবেল খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ,সাংবাদিক এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছাত্রজীবন থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এতে তারা ভবিষ্যতে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সহজেই নিজেদের মানিয়ে নিতে পারবে এবং আর্থিকভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।
বাংলাদেশ কৃষি ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মো. মহসিন বলেন, শিক্ষার্থীদের উচিত ছাত্রজীবন থেকেই সঞ্চয়ের প্রতি মনোযোগী হওয়া। এতে ভবিষ্যতে তারা আধুনিক ব্যাংকিং সেবার সুফল গ্রহণে আরও সক্ষম হবে।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসাব খোলার সুবিধা, নিয়মিত সঞ্চয়ের গুরুত্ব এবং ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সঞ্চয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।































