
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জমি দখল করে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন মো. আবুল কাশেম। তিনি বলেছেন, অভিযোগে উপস্থাপিত তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। রোববার (২৮ জুন) লালপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কাশেম বলেন, গত ২৬ জুন বিদেশে অবস্থানরত আশফাক আহমেদ তাঁর ফেসবুক আইডিতে "মন্ত্রী পুতুলের ক্ষমতায় সাবেক সেনা সদস্যের জমি দখল করে পুকুর খনন ও মাটি বিক্রি" শিরোনামে একটি পোস্ট করেন। ওই পোস্টে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। আবুল কাশেমের দাবি, তিনি ক্রয়সূত্রে সংশ্লিষ্ট জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে রয়েছে। তিনি বলেন, জমির সব বৈধ কাগজপত্র গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়েছে। বর্তমানে প্রায় ২৫ বছর আগে খনন করা একটি পুরোনো পুকুরের সংস্কারকাজ চলছে। কিন্তু সেটিকে জমি দখল ও অবৈধভাবে মাটি বিক্রির ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। তিনি আরও বলেন, যাঁকে ভুক্তভোগী হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি ওই জমির মালিক নন। ফলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। সংবাদ সম্মেলনে আবুল কাশেম বলেন, “আমি আইনকে শ্রদ্ধা করি এবং দেশের প্রচলিত আইন মেনেই সকল কার্যক্রম পরিচালনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যম আমার জমির কাগজপত্র যাচাই করলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।” এ সময় তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানান।



























